উত্তরদিনাজপুর

পথ দুর্ঘটনা যেন পিছু ছাড়ছে না রায়গঞ্জ শহরের, এবার পথচারীকে ধাক্কা মেরে ফেলে দিয়ে তারই উপর দাঁড়িয়ে পড়লো গাড়ি

পথ দুর্ঘটনা যেন পিছু ছাড়ছে না উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জকে। এবার পথচারীকে ধাক্কা মেরে ফেলে দিয়ে তারই উপর দাঁড়িয়ে পড়লো গাড়ি। স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে সরিয়ে আশঙ্কাজনক অবস্থায় সেই পথচারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। রায়গঞ্জের বারোদুয়ারী মোড়ের এই দুর্ঘটনায় দীর্ঘ সময় অবরুদ্ধ হয়ে পড়ে ৩৪ নম্বর জাতীয় সড়ক। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী ও র‍্যাফ। পরিস্থিতি সামাল দেয় তারা। 

        জানা গেছে শিলিগুড়িমুখী একটি অলটো গাড়ি বারোদুয়ারী মোড়ে এক পথচারীকে সজোরে ধাক্কা দেওয়ায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে ওই ছোটো গাড়িটিতে এক প্রতিবন্ধী বাচ্চাসহ এক মহিলা যাত্রী ও গাড়ির চালককে উদ্ধার করে নিরাপদ জায়গায় সুরক্ষিত ভাবে আগলে রাখে স্থানীয় বাসিন্দারা। পুলিশসূত্রে জানা গিয়েছে ওই পথচারী বারোদুয়ারী বাজারে মাছের ব্যবসা করেন, বাড়ি রায়গঞ্জে। 

        প্রসঙ্গতঃ বিগত প্রায় একমাস ধরে লাগাতার রায়গঞ্জে পথ দুর্ঘটনা ঘটেই চলেছে। ফলে আতঙ্কিত হয়ে পড়ছেন রায়গঞ্জবাসী। কোথাও দ্রুতগতি, কোথাও বেপরোয়া চালক, কোথাও বা অসতর্কতার জন্যই ঘটছে দুর্ঘটনাগুলি বলে জানা যাচ্ছে। তবুও কেন সতর্ক হচ্ছেন না মানুষজন সেই প্রশ্ন উঠলেও উত্তর দেওয়ার কেউ নেই।